প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
গোয়াইনঘাটে গহড়া কোনাপাড়া পাঞ্জেগানা মসজিদ ও মক্তবের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের গহড়া কোনাপাড়া পাঞ্জেগানা মসজিদ ও মক্তবের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
গহড়া গ্রামের কৃতি সন্তান, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রোটারিয়ান ও সাংবাদিক এমএ রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মসজিদের উদ্বোধন করেন। এসময় গ্রামের মুরব্বি ও যুবসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ রহিম বলেন, "এই ঐতিহাসিক মসজিদটি প্রথম ১৯২০ ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর ২০২৫ ইংরেজি থেকে আবার নতুন আঙ্গিকে মসজিদটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ জুমার নামাজের পর আমরা এর আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করলাম।" তিনি মসজিদের উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করে আরও বলেন, "মসজিদ আল্লাহর ঘর। ধনী-গরিব নির্বিশেষে আমাদের সবাইকে মসজিদের উন্নয়নের বৃহত্তর স্বার্থে এগিয়ে আসতে হবে। বর্তমানে এটি কাঁচা অবস্থায় রয়েছে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই মসজিদটি পাকা করণে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদ গড়ে তুলতে সক্ষম হবো।"
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মসজিদের উন্নয়ন কাজের সফলতা কামনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬